নিউজ প্রবাসী ডেক্স :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্টের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে চীনের জাতীয় বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এদিনের কর্মসূচিতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনেরও সূচি রয়েছে। সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ১৩টি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।
একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারে একটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মালয়েশিয়া সফর শেষে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে চীন সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তালিয়ানে সম্মেলন শেষ করে বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তার তিন দিনের সরকারি সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts