জাতীয় ডেস্ক

সারাদেশের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াটারএইডসহ বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া বড় একটি চ্যালেঞ্জ। পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, দেশের নদ-নদীতে পর্যাপ্ত পানি থাকলেও উজানে পানি প্রত্যাহারের কারণে অনেক নদী শুকিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে। উত্তরের বিভিন্ন এলাকায় মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বাড়ছে পানির লবণাক্ততা। ফলে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে।

ড. আবদুল মঈন খান বলেন, উজানে পানি কমে যাওয়ায় নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে মিঠা পানির প্রবাহও কমছে। এতে সমুদ্রের লবণাক্ত পানি আরও ভেতরের দিকে প্রবেশ করছে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত সমন্বিত প্রকল্পে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ। প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts