নিউজ প্রবাসী ডেক্স:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের আওতাধীন সিংলাব-পাকুন্দা সড়কের প্রায় ২৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল তৈরি হওয়ায় যানবাহন চালক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখতে পান তারা। কয়েকটি জায়গায় সড়কের পিচ উঠে গিয়ে নিচের স্তরও বের হয়ে এসেছে। পরে ক্ষতিগ্রস্ত অংশে বালু ও ইটের খোয়া দিয়ে সাময়িকভাবে মেরামত করা হলেও এতে ঝুঁকি পুরোপুরি কাটেনি।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে গাইডওয়াল না থাকায় মাটির চাপে পূর্ব পাশের একটি অংশ দেবে গেছে। এর ফলে ফাটল তৈরি হয়েছে। দ্রুত স্থায়ী সংস্কার না করা হলে বৃষ্টি ও ভারী যানবাহনের চাপে পরিস্থিতি আরও খারাপ হয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পাকুন্দা গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, সড়কটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই এমন পরিস্থিতি কেন তৈরি হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে স্থানীয়দের অভিযোগের সঙ্গে একমত নন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী। তার ভাষ্য, টানা দুই-তিন দিনের বৃষ্টিতে সড়কের ঢাকার অংশের মাটি নরম হয়ে যায়। পরে ওই অংশ দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে নরম মাটি সরে গিয়ে সড়ক দেবে যায় এবং কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়।
তিনি জানান, জরুরি ভিত্তিতে যানবাহন চলাচলের জন্য ডাইভারশন সড়কের ব্যবস্থা করা হয়েছে। যেখানে মাটি সরে গেছে, সেখানে ড্রিল করে নতুন করে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা বাইপাস প্রকল্পের আওতায় গাজীপুরের জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি। ২০২০ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে।