নিউজ প্রবাসী ডেক্স :
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতি হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সজিবের মৃত্যু হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়েছে।
সজিবের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।