নিউজ প্রবাসী ডেক্স :
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলমের নিয়োগ বাতিল এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধি দল এসবসহ ৯ দফা দাবি তুলে ধরে।
বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য করার সিদ্ধান্ত বৈষম্যমূলক। এতে শিক্ষকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে।
গোলাম পরওয়ার বলেন, সংসদ নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই। তাহলে স্থানীয় সরকার নির্বাচনে কেন বাধা থাকবে—এ প্রশ্ন তুলে তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান। বিষয়টি কমিশন আলোচনা করে দেখার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীদের বিষয়ে তিনি বলেন, পদে থেকে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন। তাই তাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও আপত্তি জানায় জামায়াত। দলটির দাবি, অতীতে বিএনপির একটি কমিটিতে কাজ করা ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাই তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে দলটি।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি নিয়েও জামায়াতের মতামত তুলে ধরা হয়। এর মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার দাবিও রয়েছে।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও কর্মকর্তাদের নিয়োগের মতো বিষয়ে স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারছে না।
বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ এবং ইসি সচিব আখতার আহমদ উপস্থিত ছিলেন।