নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান ঘিরে বিতর্কের মধ্যে খুলশী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আব্দুর রহিমকে খুলনায় বদলি করা হয়েছে। তাঁকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আব্দুর রহিম জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তিনি সিএমপি থেকে ছাড়পত্র নিয়েছেন। কয়েক দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলেও জানান তিনি।
গত ৮ অক্টোবর জারি করা আদেশে তাঁকে ১০ অক্টোবরের মধ্যে সিএমপি থেকে ছাড়পত্র নিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র না নিলে ১১ অক্টোবর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে গণ্য করার কথা উল্লেখ ছিল আদেশে।
এর আগে গত ৬ অক্টোবর রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগার অবস্থানের খবর পেয়ে ভবনটি ঘিরে অভিযান চালায় পুলিশ। সে সময় সিটি করপোরেশন কার্যালয়ে ছিলেন মেয়র শাহাদাত হোসেন।
পরদিন সকালে খুলশী থানার তৎকালীন ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগপ্রীতির’ অভিযোগ তোলেন মেয়র। একই সঙ্গে ওয়াকিল হোসেন বগার পক্ষে বক্তব্য দেন তিনি। মেয়রের দাবি, বগা আওয়ামী লীগের সন্ত্রাসী নন; গত ১৭-১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং জুলাই-আগস্টের আন্দোলনেও অংশ নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে বহু মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন মেয়র।
মেয়রের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ৭ অক্টোবর বিকেলে আব্দুর রহিমকে খুলশী থানা থেকে নগর বিশেষ শাখায় (সিটি এসবি) বদলি করে সিএমপি। এরপর পুলিশ সদর দপ্তরের আদেশে তাঁকে চট্টগ্রামের বাইরে খুলনায় পাঠানো হলো।
ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য গত ৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানার পুলিশ ওয়্যারলেস কলোনি এলাকায় অভিযান চালায়। সে সময় বগার অনুসারীদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন।
এ ছাড়া গত ২৯ সেপ্টেম্বর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় ১৬ বছর বয়সী এক সবজি বিক্রেতাকে হত্যার মামলাতেও বগাকে আসামি করা হয়। ওই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে ওয়াকিল হোসেন বগার বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।