নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন তাঁর ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, একজন নারীর সঙ্গে সংসদ সদস্যের কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গাড়িচালককে মারধর করা হয়।
মামলায় গাজী নজরুলের সহযোগী আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকেও আসামি করা হয়েছে।
এর আগে একজন নারীর সঙ্গে হোটেল কক্ষে কথিত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত জুনে গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
বর্তমানে ওই হত্যাচেষ্টা মামলায় হাই কোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts