নিউজ প্রবাসী ডেক্স :
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নওগাঁর আত্রাই উপজেলায়। নিহতদের মধ্যে ১৩ জনই এই উপজেলার বাসিন্দা।
এর মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন। একই গ্রামের দুই ভাই মোহন ও সুমন পরিবারের সচ্ছলতার আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। একই কারখানায় কাজ করতেন তারা। ঋণ পরিশোধ করে বাড়ি নির্মাণ ও সংসার গড়ার স্বপ্ন দেখছিলেন দুই ভাই। কিন্তু আগুনে পুড়ে সেই স্বপ্ন থেমে গেছে।
মোহন ও সুমনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গন্ডগোহালী গ্রামের পরিবেশ। বাবা আব্দুল গাফফার দুই ছেলের ছবি বুকে নিয়ে বারবার বিলাপ করছেন।
নিহতদের মধ্যে একই গ্রামের রুবেল প্রামাণিক ও কলিমউদ্দিনও রয়েছেন। কলিমউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, এবার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার।
নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর আত্রাইয়ের ১৩ জন ছাড়াও নাটোরের নলডাঙ্গার দুজন এবং রাজশাহীর বাগমারার একজন রয়েছেন।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলছে।