নিউজ প্রবাসী ডেক্স :
কৌশলগত হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি দাবি করেছে, প্রণালীর আকাশসীমায় দুটি মার্কিন ড্রোন ধ্বংস করেছে তারা।
ইরানি সামরিক সূত্রের ভাষ্য, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটির গতিবিধি শনাক্ত ও পর্যবেক্ষণের পর সেগুলো ভূপাতিত করা হয়। ধ্বংস হওয়া ড্রোনের একটি এমকিউ-১ প্রিডেটর বলে দাবি করেছে ইরান।
ইরানের দাবি, ড্রোনগুলো তাদের আকাশসীমার সংবেদনশীল এলাকার কাছাকাছি চলে এসেছিল। তবে ঘটনাস্থল, ড্রোনের সুনির্দিষ্ট ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো ভূপাতিত হয়েছে—এসব বিষয়ে সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। এই পথে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় সামরিক উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অন্তত দুটি মার্কিন এমকিউ-১ ড্রোন ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে। তবে ড্রোনগুলো ঠিক কোথায় ধ্বংস হয়েছে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত জানাননি।
হরমুজ ঘিরে এমন পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিস্তার এবং গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts