
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবন—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঠিকানা—আবারও আলোচনায়। এবার এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান-এর নামে। তবে সেখানে তিনি বসবাস করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাড়িটির সংস্কারকাজ চলছে। সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানিয়েছেন, দীর্ঘদিন খালি পড়ে থাকায় ভবনটি কিছুটা জরাজীর্ণ হয়ে পড়েছিল। একে বসবাসযোগ্য করতে অন্তত এক মাস সময় লাগবে।
পুরনো আমলের এই দোতলা ভবন একসময় লাল রঙে রাঙানো ছিল। ইতিহাসের পাতায় এর বিশেষ স্থান রয়েছে। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনা এখানে বসবাস শুরু করেন। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিরোধীদলীয় নেতা হিসেবে এই ভবনেই নিয়মিত অফিস করেন খালেদা জিয়া।
২০০১ সালের পর গত ২৫ বছর ধরে কোনো বিরোধীদলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। ফলে একসময় রাজনৈতিক কর্মী-সমর্থকদের পদচারণায় মুখর থাকা ভবনটি দীর্ঘদিন ছিল নির্জীব।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, সংস্কার কাজ শেষ হলে বাড়িটি বুঝিয়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিরোধীদলীয় নেতার।
অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বাড়ি বরাদ্দ দেওয়া হলেও সেখানে থাকা-না থাকার বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো হয়নি।
ঐতিহাসিক এই ভবনে আবারও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরবে কি না—এখন সেই অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন।