
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩১টি চা বাগানে শ্রমিক অসন্তোষের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, এসব বাগানে শ্রমিক-কর্মচারীদের মজুরি বকেয়া থাকায় অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, কিছু বাগানের মালিক বাগান ফেলে চলে যাওয়ায় ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতে শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ ব্যাহত হচ্ছে।
এনএসআইয়ের ২০২৫ সালের ১৮ মে তারিখের প্রতিবেদনের বরাতে মন্ত্রী জানান, মোট ৩১টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকাভুক্ত বাগানগুলোর মধ্যে রয়েছে তারাপুর, প্রেমনগর, লাক্কাতুরা, কেওয়াছড়া, মাধবপুর, মিরতিংগা, দেওরাছড়া ও অন্যান্য বাগান।
সরকার পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি চা বাগান পুনরায় চালু করা, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সহায়তা এবং বিশেষ কমিটি গঠন অন্যতম।
এছাড়া চা বাগানের শ্রমিকদের কল্যাণে চা বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং অবিক্রীত চা রপ্তানির মাধ্যমে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, শ্রমিকদের রেশন, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমও চালু করা হয়েছে।