বিনোদন ডেস্ক:
৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি ফেরত না দেওয়া, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম গত ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের ওপর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
তবে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নয় মামলার বাদীপক্ষ। বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় জানিয়েছেন, তারা আদালতে নারাজির আবেদন করবেন এবং প্রয়োজনে অন্য কোনো সংস্থার মাধ্যমে পুনঃতদন্তের আবেদন জানাবেন।
মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পিবিআই।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠানের পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
বাদীর অভিযোগ ছিল, পরবর্তীতে শাড়ি ফেরত চাইলে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন।
তবে তদন্তে পিবিআই দুই পক্ষের ফেসবুক মেসেঞ্জারের কথোপকথনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তানজিন তিশা ও সানায়া চৌধুরীর মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এর আগে সানায়ার কাছ থেকে নেওয়া কয়েকটি শাড়ি তিশা ফেরতও দিয়েছিলেন।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, শাড়িটি নেওয়ার দীর্ঘ সময় পর বিষয়টি ভুলে যাওয়ার কথা তদন্তে জানান তানজিন তিশা। পরে মামলার কথা জানার পর তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান বলে তদন্তে উঠে এসেছে। গত ৩১ মার্চ শাড়িটি ফেরত পাঠানো হওয়ায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হুমকির অভিযোগের ক্ষেত্রেও পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি। মেসেঞ্জারে দুই পক্ষের যোগাযোগ ও অন্যান্য তথ্য যাচাই করে এ অভিযোগেরও সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে বাদী সানায়া চৌধুরীর দাবি, তদন্তের সময় তিনি সাক্ষী ও হুমকির অডিও রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পিবিআইকে দিয়েছেন। তা সত্ত্বেও অভিযোগের সত্যতা না পাওয়ার প্রতিবেদনে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শাড়ি সংক্রান্ত অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা। এর আগে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে আরেকটি মামলায় তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই মামলায় গত ১৩ আগস্ট আদালতে হাজির হয়ে জামিন পান অভিনেত্রী তানজিন তিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts