নিউজ প্রবাসী ডেক্স :
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ শাহজাহান চৌধুরী এমপি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাতকানিয়ার কেরানীহাটের সী-ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাহান চৌধুরী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র সংকুচিত করা হয়েছিল। তাঁর দাবি, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় শুরু হয় এবং দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পায়।
সভায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। এ অবস্থার পরিণতি সরকারকে একদিন ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নবনির্বাচিত আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা হলো তারা মানুষের কল্যাণে কাজ করবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে হয়। জনগণের শক্তিই সরকারকে সঠিক পথে পরিচালিত হতে বাধ্য করে।
এ সময় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।