নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার কথা জানিয়ে ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশের নির্দেশ দিয়েছে এনবিআর।
সোমবার জারি করা এক নোটিসে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এনবিআর ও রাজস্ব ভবনে থাকা অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন করে ভবনে প্রবেশ করতে হবে।
এনবিআরের প্রধান কার্যালয়ে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, বৃহৎ করদাতা ইউনিট এবং আপিল বিভাগ উল্লেখযোগ্য।
এনবিআর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তির ভবনে প্রবেশের প্রবণতা নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোটিসের আগে এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিবকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তাদের দলবদ্ধভাবে আসার ঘটনাও ঘটেছে। পরে দাপ্তরিক সময়ে অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়।
তবে রাজনৈতিক পরিচয়ে আসা ব্যক্তিদের প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না বলে এনবিআরের সংশ্লিষ্টদের ভাষ্য। নিরাপত্তাকর্মীদের পক্ষে পোশাক বা বাহ্যিক পরিচয় দেখে ভবনের কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতদের আলাদা করাও কঠিন হয়ে পড়েছিল।
এ অবস্থায় রাজস্ব ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সহজে শনাক্ত করতে পরিচয়পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআরের এই সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করতে হবে।