নিউজ প্রবাসী ডেক্স :
চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর নিজের ছবি দিয়ে পোশাকের ভার্চুয়াল লুক দেখার নতুন সুবিধা চালু করছে ওপেনএআই। শপিং ফিচারের অংশ হিসেবে যুক্ত হওয়া এই সুবিধার মাধ্যমে অনলাইনে পোশাক কেনার আগে সেটি নিজের ওপর কেমন দেখাবে, তার একটি কৃত্রিম ছবি তৈরি করা যাবে।
ফিচারটি ব্যবহার করতে চ্যাটজিপিটিতে কোনো পোশাকের পণ্য তালিকা দেখার পর সেটিতে গিয়ে ‘ট্রাই অন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ও একটি পূর্ণদৈর্ঘ্য ছবি আপলোড করতে হবে। এসব ছবি ব্যবহার করে এআই কাঙ্ক্ষিত পোশাক পরা অবস্থার একটি ভার্চুয়াল ছবি তৈরি করবে।
শুধু চ্যাটজিপিটিতে প্রদর্শিত পণ্য দিয়েই এই সুবিধা ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইন্টারনেট থেকে কোনো পোশাকের ছবি বা স্ক্রিনশট সংগ্রহ করে সেটিও আপলোড করে ভার্চুয়াল ট্রাই-অন ছবি তৈরি করা যাবে বলে জানিয়েছে ওপেনএআই।
ছবি তৈরির কাজটি প্রতিষ্ঠানের নতুন ‘চ্যাটজিপিটি ইমেজ ২.৫’ মডেলের মাধ্যমে হবে। মডেলটি গত সেপ্টেম্বরে উন্মোচন করা হয়।
এর পাশাপাশি চ্যাটজিপিটির নির্দিষ্ট ‘লাইব্রেরি’ অংশে পছন্দের পণ্য সংরক্ষণের সুবিধাও চালু করেছে ওপেনএআই। ফলে পরে প্রয়োজন হলে সংরক্ষিত পণ্যগুলো সহজে খুঁজে পাওয়া যাবে।
তবে ব্যক্তিগত ছবি আপলোডের ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপলোড করা ছবি ডিফল্টভাবে এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে। ব্যবহারকারী চাইলে সেটি বন্ধ বা অপ্ট-আউট করতে পারবেন।
অনলাইন শপিংকে চ্যাটজিপিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে গত এক বছরে একাধিক সুবিধা নিয়ে এসেছে ওপেনএআই। এর আগে প্রতিষ্ঠানটি ‘ইনস্ট্যান্ট চেকআউট’সহ বিভিন্ন শপিং-সংশ্লিষ্ট ফিচার পরীক্ষাও করেছে। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য ও সেবা প্রচারের জন্য চ্যাটের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থাও চালু করেছে প্রতিষ্ঠানটি।
এআই মডেল পরিচালনা ও গবেষণায় বিপুল ব্যয় হওয়ায় নতুন শপিং সুবিধাগুলোর মাধ্যমে এই খাতে ব্যবসায়িক সম্ভাবনা তৈরির চেষ্টা করছে ওপেনএআই বলে ধারণা করা হচ্ছে।