নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে ভবনের নবমতলা থেকে তিনি নিচে পড়ে যান বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।
আহত শিক্ষার্থীর নাম বিদীপ্ত শিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হল প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ওই শিক্ষার্থী ব্যক্তিগতভাবে হতাশায় ছিলেন বলে তিনি শুনেছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। চিকিৎসা শেষে শিক্ষার্থী সুস্থ হলে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ জানান, ভবন থেকে পড়ে শিক্ষার্থীটি টিনের একটি চালার ওপর পড়েন। এতে তার মাথায় কোনো ধরনের আঘাত লাগেনি।
তিনি বলেন, শিক্ষার্থীর এক্স-রে, ইসিজি ও এমআরআইসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। এখন পর্যন্ত তার শরীরে কোনো ধরনের হাড় ভাঙার তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।