নিউজ প্রবাসী ডেক্স :
মালয়েশিয়ার কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে ভূমিধসে মাটিচাপা পড়ে মো. ফাহাদ হোসেন নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত ট্র্যাকার কুকুরের সহায়তায় তার লাশের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, শুক্রবার লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে ভূমিধসের ঘটনা ঘটে। এরপর নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।
গুয়া মুসাং পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফুর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন দুপুরে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-৯ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর মাটির নিচে ফাহাদের অবস্থান শনাক্ত করে।
কুকুরের মাধ্যমে অবস্থান শনাক্ত হওয়ার পর উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে খনন শুরু করেন। পরে মাটির স্তূপের নিচ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি এক্সকাভেটর কাজে অংশ নেয়। দীর্ঘ সময়ের তল্লাশির পর বাংলাদেশি ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
নিহত ফাহাদ হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি মালয়েশিয়ার পুলিশ। তবে তিনি দেশটির কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে কর্মরত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই দিন ধরে নিখোঁজ থাকার পর ফাহাদের মরদেহ উদ্ধারের ঘটনায় তার সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।