নিউজ প্রবাসী ডেক্স :
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ পর্যটক।
সোমবার বিকালে উপজেলার তিন্দু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা অনুপম জানান, দুর্ঘটনার শিকার পর্যটকেরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা আলীকদম হয়ে তিন্দুর সাঙ্গু নদীর রাজা পাথর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।
তিন্দু বাজারে পৌঁছানোর আগে পাহাড়ি খাড়া সড়ক দিয়ে নামার সময় পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া এলাকায় নিয়ে যান।
পর্যটক গাইড ক্লেমেন্ট ত্রিপুরা বলেন, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু বাজার পর্যন্ত সম্প্রতি একটি নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটি অত্যন্ত খাড়া ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, থানচি সদরে গিয়ে নিবন্ধন এবং নৌকা ভাড়ার খরচ এড়াতে আলীকদম থেকে আসা কিছু গাইড সরাসরি ওই সড়ক দিয়ে পর্যটকদের তিন্দু নিয়ে যান। তবে পর্যটকবাহী যান চলাচলের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ওসি কানন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। প্রাথমিকভাবে দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ঘটনাস্থল থেকে ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।