নিউজ প্রবাসী ডেস্ক:

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪ হাজার। এর মধ্যে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ১৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে।

মেঘনার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদীপথকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে এ এলাকায় ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত, মজুত ও আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান চালানো হবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

তবে নিবন্ধিত জেলের তুলনায় খাদ্য সহায়তা পাওয়া জেলের সংখ্যা কম হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেক জেলে। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময়ে সঠিক তালিকা তৈরি করে সব জেলেকে দ্রুত সরকারি খাদ্য সহায়তার আওতায় আনা হোক।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ মাছ ধরতে নদীতে গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বাড়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts