নিউজ প্রবাসী ডেক্স :
বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজে অনিয়ম, গোপন দরপত্রের তথ্য ফাঁস ও সিন্ডিকেট গঠনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগও তদন্ত করছে সংস্থাটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। এসব নথির মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা এবং এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ প্রয়োজনীয় অন্যান্য রেকর্ডপত্র।
দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও রেকর্ড বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
প্রতিবেদনে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের ভূমিকা উঠে এলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।