আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সে চলমান ছাত্র আন্দোলন ও সাম্প্রতিক অস্থিরতার জন্য লাগামহীন অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবিতে গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে দেশটির বিভিন্ন এলাকার শত শত উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করা হয়। পরে কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। মঙ্গলবার প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে শিক্ষার্থীদের মূল দাবির বিষয়ে কোনো মন্তব্য না করে ট্রাম্প ফ্রান্সের পরিস্থিতিকে অভিবাসন ইস্যুর সঙ্গে যুক্ত করেন। তার ভাষ্য, দেশটিতে ব্যাপক অভিবাসনের সুযোগ দেওয়ার ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘ম্যাগা’ আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারাও ফ্রান্সের বিক্ষোভের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অভিবাসনবিরোধী প্রচারণা চালাচ্ছেন। রিপাবলিকান ভাষ্যকার গ্লেন বেক ফ্রান্সের পরিস্থিতিকে পুরো পশ্চিমা বিশ্বের জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন ট্রাম্প। ইরান যুদ্ধের প্রভাব এবং তার অজনপ্রিয়তার কারণে রিপাবলিকান পার্টি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারে—এমন আশঙ্কার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।
এই পরিস্থিতিতে ট্রাম্প ও তার অনুসারীরা সীমান্ত নিয়ন্ত্রণ, অভিবাসনবিরোধী অবস্থান এবং রক্ষণশীল রাজনৈতিক বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন।