নিউজ প্রবাসী ডেস্ক
দেশে জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপ আরও তীব্র হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মজুরি হার সূচকের (ডব্লিউআরআই) তথ্য প্রকাশ করে বিবিএস।
পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবেই মূলত সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। এ মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ।
তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। আগস্টে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
গ্রামে মূল্যস্ফীতি বেশি
বিবিএসের তথ্য বলছে, শহরের তুলনায় গ্রামীণ এলাকায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল।
গ্রামীণ অঞ্চলে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৮ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্যখাতে মূল্যস্ফীতি ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ১৮ শতাংশে উঠেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৫৭ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
অন্যদিকে শহরাঞ্চলে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। শহরে খাদ্যখাতে মূল্যস্ফীতি ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে।
কমেছে মজুরি বৃদ্ধির হার
একদিকে পণ্যের দাম বাড়লেও অন্যদিকে মানুষের আয় বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।
অর্থনীতিবিদদের কাছে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির এই ব্যবধান গুরুত্বপূর্ণ। কারণ, পণ্যের দাম বাড়ার বিপরীতে আয় বৃদ্ধির গতি কমে গেলে সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ আরও বাড়তে পারে।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৪৩টি হাট-বাজার থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে মূল্যস্ফীতি ও মজুরি সংক্রান্ত এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।