নিউজ প্রবাসী ডেস্ক :
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রামে ২৮০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ২০৬ জন, রংপুরে ৬৪ জন এবং সিলেটে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৪ হাজার ১৫১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮৮ হাজার ২০৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৯৪ জনের মৃত্যু হয়েছে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। সে বছর এ রোগে মারা যান ৪১৩ জন।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।