আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার প্রভাব আরও কঠিন। বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও জনগণের প্রয়োজন পূরণ এবং অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানায়, বৃহস্পতিবার ইরানি জনগণের ওপর শত্রুদের ব্যাপক অর্থনৈতিক চাপের বিষয়টি তুলে ধরেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের জনগণকে সেবা দেওয়ার সক্ষমতা বাধাগ্রস্ত করতে শত্রুরা নানা ধরনের চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও জনগণের প্রয়োজন পূরণে সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করে যাচ্ছে।

পেজেশকিয়ান বলেন, জনগণ সরকারের পাশে থাকলে কোনো ধরনের বিপদ বা শত্রুকে ভয় পাওয়ার কারণ নেই। জনগণের সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের বিভিন্ন দিক মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট বলেন, সামরিক যুদ্ধ সরাসরি দৃশ্যমান হলেও অর্থনৈতিক যুদ্ধ অনেকটা অদৃশ্য। তবে এর প্রভাব তুলনামূলকভাবে বেশি কঠিন ও ব্যাপক।

তিনি আরও বলেন, সব প্রতিকূলতা সত্ত্বেও জনগণের সেবা করার ক্ষেত্রে ইরান সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে শত্রুদের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করে তা ব্যর্থ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts