বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পী ও নির্মাতাদের সঙ্গে কাজ করা এই অভিনেতা এখনো নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন।
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বিভিন্ন সময় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর। এবার বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
পোস্টে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে মিশা সওদাগর তার অভিনয়জীবনে পরিচালকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, তার আজকের পরিচিতি ও অবস্থান তৈরির পেছনে ছটকু আহমেদের বড় অবদান রয়েছে।
মিশা সওদাগর লিখেছেন, ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি ছটকু আহমেদের সুস্থতা ও আনন্দময় জীবন কামনা করেন। একই সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে ওঠার ক্ষেত্রে পরিচালকের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে আমি কৃতজ্ঞ।’
মিশা সওদাগরের এই পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে, দীর্ঘ অভিনয়জীবনে ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক শুধু পরিচালক-অভিনেতার পেশাগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন অভিভাবকতুল্য মানুষ হিসেবেই তাকে দেখেন এই অভিনেতা।