নিউজ প্রবাসী ডেস্ক
সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধায় আয়কর অব্যাহতির সুযোগ রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে এসব ভাতা করমুক্ত থাকবে। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ক্ষেত্রে আয়কর প্রযোজ্য হবে।
চাকরির ধরন, দায়িত্ব ও কর্মস্থলভেদে সরকারি কর্মচারীরা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। এসব সুবিধার সবগুলো অবশ্য প্রত্যেক কর্মচারীর জন্য প্রযোজ্য নয়।
করমুক্ত ভাতার তালিকায় যা রয়েছে
এনবিআরের নির্দেশিকায় উল্লেখ করা করমুক্ত ভাতার মধ্যে রয়েছে চিকিৎসা, নববর্ষ, বাড়িভাড়া, শ্রান্তি ও বিনোদন, শিক্ষা সহায়ক, কার্যভার, পাহাড়ি, ভ্রমণ, যাতায়াত, টিফিন, পোশাক, আপ্যায়ন, ধোলাই, বিশেষ, প্রেষণ এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা।
এ ছাড়া তালিকায় রয়েছে জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।
তবে এসব সুবিধা করমুক্ত হিসেবে গণ্য করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান ও শর্ত অনুসরণ করতে হবে।
মূল বেতন ও বোনাস করযোগ্য
সরকারি চাকরিজীবীদের সব আয় করের আওতামুক্ত নয়। মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী আয়কর দিতে হবে। ফলে আয়কর রিটার্ন তৈরির সময় করযোগ্য আয় এবং করমুক্ত ভাতার হিসাব আলাদাভাবে নির্ধারণ করা প্রয়োজন।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট করবর্ষের নিয়ম অনুসরণ করে আয় ও করের হিসাব রিটার্নে দেখাতে হবে। তাই রিটার্ন জমা দেওয়ার আগে কোন ভাতা করমুক্ত এবং কোন আয় করযোগ্য, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, বর্ধিত বেতন ও বকেয়া পরিশোধের বিষয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন ও অর্থ পরিশোধের সময়সূচি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপন ও নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।