নিউজ প্রবাসী ডেস্ক :
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এর আগে গত ৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম থেকে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।