আন্তর্জাতিক ডেস্ক:
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার আইন পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা রয়েছে।
শুক্রবার পাস হওয়া বিলটির লক্ষ্য শিশুদের অতিরিক্ত সময় ধরে সামাজিক মাধ্যমে স্ক্রল করার প্রবণতা কমানো এবং তাদের মানসিক সুস্থতা রক্ষা করা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জানিয়েছেন, ব্যবহারকারীদের বয়স যাচাই এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আড়াই মাস সময় দেওয়া হয়েছে।
গ্রিসের সরকারের মতে, সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিশুদের পর্যাপ্ত ঘুম, মনোযোগ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কমিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের সহায়তা করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
এর আগে, ২০২৫ সালে অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে আইন পাস করেছিল। ফ্রান্সেও একই ধরনের আইন পাস হলেও চলতি বছরের আগস্টে দেশটির সাংবিধানিক পরিষদ তা বাতিল করে দেয়।
শিশুদের অনলাইন সুরক্ষায় বয়স যাচাইয়ের কার্যকর পদ্ধতি খুঁজতে ইউরোপীয় কমিশনের সঙ্গে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ। গ্রিসও এ উদ্যোগের অংশ।
নতুন আইন কার্যকর হলে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের অভ্যাসে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান, অভিভাবক ও শিশু অধিকার নিয়ে কাজ করা মহলের নজর থাকবে।