আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার সময় তা ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
বুধবার (২৮ অক্টোবর) আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ৩ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। শুরুতে এ দিকেই অগ্রসর হওয়ার পর ঝড়টির গতিপথ উত্তর-উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টি স্থলভাগে প্রবেশ করতে শুরু করায় উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এতে জনজীবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় দিতে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এ ক্ষেত্রে শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতেও তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।
এদিকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং দুর্যোগ চলাকালে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।