নিউজ প্রবাসী ডেক্স:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই অঞ্চলে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)।
শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানায়। আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ইউকেএমটিওর বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের খাসাব শহর থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রের দিকে যাত্রার সময় একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। তৃতীয় পক্ষের মাধ্যমে সংস্থাটির কাছে এ ঘটনার তথ্য পৌঁছায়।
তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজে থাকা নাবিক ও অন্যান্য কর্মীর অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে সাগরে তেল ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অবস্থানরত ও চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে ইউকেএমটিও। ওই এলাকায় কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজটির পরিচয়, নাবিকদের অবস্থা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।