নিউজ প্রবাসী ডেক্স:
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে থামিয়ে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। অফস্পিনার নাঈম হাসানের চার উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজের কার্যকর বোলিংয়ে শেষ দিকে দ্রুত গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও পুরোনো বলেই স্পিনারদের ওপর আস্থা রাখেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সিদ্ধান্ত কাজে লাগিয়ে প্রতিপক্ষের শেষ চার উইকেট মাত্র ১১ রানের মধ্যে তুলে নেয় বাংলাদেশ।
নাঈম চার উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে বলের হিসাবে দ্রুততম ৫০ উইকেট পূর্ণ করার রেকর্ড গড়েছেন। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছে ২ হাজার ৮৫৬ বল। ২৬ বছর বয়সী এই অফস্পিনার শেষ দিকে আরও তিনটি উইকেট তুলে নেন। বাকি উইকেটটি পান মিরাজ।
দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২১৩ রান। সে সময় ক্যারিবীয়দের লিড নেওয়ার সম্ভাবনা জোরালো মনে হলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে তারা বেশি দূর এগোতে পারেনি। অধিনায়ক রোস্টন চেজ ৬০ বলে পাঁচটি চারে ৪৩ রান করে অপরাজিত থাকেন।
এর আগে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হয়। জবাবে দ্রুত রান তুলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দুইবার জীবন পাওয়া জন ক্যাম্পবেল অর্ধশতক তুলে নেন। তবে মিরাজের বলে আউট হওয়ার আগে ৭৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৪ রান করেন তিনি।
আগের দিন ৪৩ রানে অপরাজিত থাকা তেজনারায়ণ চন্দরপল শুক্রবার নিজের অর্ধশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৮৪ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করে শরিফুল ইসলামের বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জাস্টিন গ্রিভসের সঙ্গে তাঁর ৬৫ রানের জুটি ভাঙার পর ক্যারিবীয়দের ব্যাটিংয়ে ধস নামে।
গ্রিভসও ব্যক্তিগত ৪৬ রানে ফিরে যান। ১০৩ বলের ইনিংসে তিনি দুটি চার মারেন। মুমিনুল হক তাঁর সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায় একবার জীবন পেয়েছিলেন তিনি। পরে নাঈমের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন গ্রিভস।
মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশের দুই অফস্পিনার নাঈম ও মিরাজ বাকি চার উইকেট ভাগাভাগি করে নেন। অভিষিক্ত ক্যারিবীয় অলরাউন্ডার জশুয়া বিশপ শুরুতে তিনটি চার মারলেও ১৫ রানে মিরাজের বলে স্টাম্পিং হন। এরপর শামার জোসেফকে চার রানে লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাঈম। জোমেল ওয়ারিকানকে শূন্য রানে এলবিডব্লিউ এবং জেইডেন সিলসকে শূন্য রানে মিরাজের ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করেন তিনি।
বাংলাদেশের হয়ে নাঈম চারটি উইকেট নেন। মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে এবং হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট পেয়েছেন।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ায় ম্যাচে সুবিধাজনক অবস্থানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।