নিউজ প্রবাসী ডেক্স:
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাস পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরিতে বিনা মূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত নারীরা এক থেকে চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ পাবেন।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস ইতোমধ্যে চালু হয়েছে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস চালুর মাধ্যমে এ সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ফাতেমা বেগমের ভাষ্য, পিংক বাস সার্ভিস চালুর পর ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ সেবার মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাঁদের পরিবারের নারীদের চালক হিসেবে প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এতে নারীদের দক্ষতা অর্জনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
প্রশিক্ষণ শেষে নিয়োগের সুযোগ
বিআরটিসির গাজীপুর কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান জানান, হালকা মোটরযানের বৈধ লাইসেন্সধারী নারীদের ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ইভি পিংক বাস পরিচালনার সুযোগ থাকবে।
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী বিআরটিসির বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুসরণ করে দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না।
ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব প্রশিক্ষণপ্রাপ্ত নারী অগ্রাধিকার পেতে পারেন।
কারা আবেদন করতে পারবেন
বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের ২১ থেকে ৩২ বছর বয়সী এবং কমপক্ষে পাঁচ ফুট উচ্চতার নারীরা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিল করা যেতে পারে। আবেদনকারীদের কমপক্ষে এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কর্মদিবসে সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় গাড়ি চালনার দক্ষতা যাচাই করা হবে।
প্রার্থীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি রাখতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী নারীদের জন্য মহিলা হোস্টেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে ১৭ নভেম্বর।
সড়ক নিরাপত্তায় দক্ষ চালক তৈরির উদ্যোগ
সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দক্ষ চালক তৈরির বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে বিআরটিসি।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় নতুনদের বিনা মূল্যে হালকা মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে এসব কর্মসূচির আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা মোটরযান চালনার প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের অনেকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ফাতেমা বেগম বলেন, গণপরিবহনে নারী চালক ও সহকারী থাকলে অনেক নারী যাত্রী বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পিংক বাস সার্ভিসের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।