নিউজ প্রবাসী ডেক্স:

ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের একটি যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে তাঁদের যৌনপল্লিতে বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আসামি করা হলেও তাঁরা পলাতক রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই নারীদের উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীদের প্রায় চার মাস আগে বাংলাদেশ থেকে পুনেতে নেওয়া হয়েছিল। তাঁদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা ভ্রমণসংক্রান্ত নথি ছিল না। নারীরা পুলিশকে জানিয়েছেন, কয়েকজন দালাল মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে আকর্ষণীয় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের সীমান্ত পার করায়। পরে তাঁদের পুনেতে নিয়ে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়।

এ ঘটনায় পুনের ফারাসখানা থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নারীদের জোরপূর্বক যৌনবৃত্তিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে; বাকি দুজনকে ধরতে অভিযান চলছে।

এর আগে চলতি বছরের মার্চেও পুনে নগর পুলিশ বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লি থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল। তাঁদেরও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে জোরপূর্বক যৌনবৃত্তিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts