নিউজ প্রবাসী ডেস্ক:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি ২০২৭। এ নির্বাচনের তফসিল ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্রের বরাতে জানা গেছে, প্রথম ধাপে প্রাথমিকভাবে প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন এক হাজারের বেশি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ধাপে নির্বাচন আয়োজনের জন্য তুলনামূলক বেশি সময় পাওয়ায় এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম ধাপে জেলা সদর ও এর আশপাশের উপজেলা এবং নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। যেসব জেলায় সদর উপজেলা নেই, সেসব জেলার নিকটবর্তী উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদও এ তালিকায় থাকতে পারে।

প্রথম ধাপের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা মেইলকে বলেন, ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, ভোটের ৪০ থেকে ৪২ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সব জেলায় একই সময়ে নির্বাচন শুরু করার আশা করছে কমিশন। এ ক্ষেত্রে সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে কিংবা দীর্ঘদিন ধরে নির্বাচন আটকে রয়েছে, সেগুলোও অগ্রাধিকার পাবে। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার তফসিল ঘোষণা করবেন। সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে তফসিল প্রকাশ করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। মামলা ও সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ২০২৬ সালের ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবেন।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts