ক্রীড়া প্রতিবেদক :

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের জন্য রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয় বলে স্পষ্ট করেছেন কোচ জুজে মরিনিয়ো। দলের সাম্প্রতিক সাফল্য এবং বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে একাদশ নির্বাচনে নতুন করে ভাবতে হচ্ছে তাঁকে।

গত মাসে ভিয়ারেয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পান ভিনিসিউস। শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হওয়ার কথা তাঁর এই নিষেধাজ্ঞার। তবে তাঁকে ছাড়াই সাম্প্রতিক তিনটি লিগ ম্যাচে জয় পেয়েছে রিয়াল। সেভিয়াকে ৪-১, বার্সেলোনাকে ২-১ এবং রেসিং সান্তান্দেরকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

এই সময় নজর কেড়েছেন আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান ডিওমান্ডে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ছয় ম্যাচে চার গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। ফলে ভিনিসিউসের অনুপস্থিতিতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে একাদশে নিজের অবস্থান শক্ত করেছেন এই তরুণ ফুটবলার।

শুক্রবার সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, কোনো একজন খেলোয়াড়কে বাড়তি সুবিধা দিতে গিয়ে দলের স্বার্থ ক্ষুণ্ন করতে চান না তিনি। ভিনিসিউস পুরোপুরি প্রস্তুত হয়ে ফিরলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মতে, প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা পাওয়ার চেষ্টা করবেন তিনি, তবে একাদশ বাছাইয়ের ক্ষেত্রে দলের প্রয়োজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চলতি মৌসুমে ভিনিসিউসও প্রত্যাশিত ছন্দে নেই। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তাঁর গোল মাত্র একটি। যদিও সতীর্থদের সমর্থন পাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মরিনিয়ো জানিয়েছেন, ভিনিসিউসের প্রতি দলের আস্থা রয়েছে, তবে প্রয়োজন হলে দলীয় স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি পিছপা হবেন না।

ভালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচটি শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts