নিউজ প্রবাসী ডেক্স :

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে আরব দলগুলোর সমর্থনে কোনো সরকার গঠিত হলে তা ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাতে প্রকাশিত এক ভিডিওবার্তায় নেতানিয়াহু ইহুদিপন্থি ও জাতীয়তাবাদী দলগুলোকে নিয়ে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেন। তার আহ্বানে পুরোনো জোটের চরম জাতীয়তাবাদী ও কট্টর ধর্মীয় দলগুলোকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তবে বিরোধী দলগুলো এসব দলের উগ্র রাজনৈতিক অবস্থানের কারণে তাদের সঙ্গে সরকার গঠনে অনাগ্রহী।

এর আগে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেন। নিয়ম অনুযায়ী, আগামী ২৮ দিনের মধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করতে হবে তাকে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় পাওয়ার সুযোগ রয়েছে।

নেতানিয়াহুর অভিযোগ, বিরোধী শিবির আরব দলগুলোর সহযোগিতা নিয়ে সরকার গঠনের চেষ্টা করছে। তার দাবি, এসব দলের ওপর নির্ভরশীল সরকার গঠিত হলে হামাসের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া সম্ভব হবে না। পাশাপাশি গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে।

ঐক্য সরকারের আহ্বান জানালেও এর নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নেতানিয়াহু। তিনি বিরোধী শিবিরের একজন নেতার সমালোচনা করে বলেন, সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের সঙ্গে সমঝোতা করে দ্রুত সরকার গঠনের চেষ্টা চলছে। এমন সরকার ইসরায়েলের অস্তিত্বকেই বিপন্ন করতে পারে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইজেনকোটের ইয়াশার পার্টি তার বিরুদ্ধে রাজনৈতিক ভণ্ডামি ও মিথ্যাচারের অভিযোগ তুলেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর ঐক্যের সরকার গঠনে সত্যিকারের আগ্রহ থাকলে নেতানিয়াহুকে আগে চরমপন্থি দলগুলোর সঙ্গে জোট ভাঙতে হবে। পাশাপাশি আইজেনকোটের ঘোষিত চারটি নীতি মেনে নিয়ে তার নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে জানাতে হবে।

অন্যদিকে, আইজেনকোট স্পষ্ট করেছেন, নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাবেন না তিনি। তার মতে, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।

সরকার গঠনের ক্ষেত্রে চারটি শর্তও তুলে ধরেছেন আইজেনকোট। এগুলোর মধ্যে রয়েছে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, ইসরায়েলকে ইহুদিপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণার মূল্যবোধ মেনে চলা এবং সবার জন্য বাধ্যতামূলক রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা।

আইজেনকোট জানিয়েছেন, পার্লামেন্ট নেসেটের যেসব সদস্য এসব নীতির প্রতি সমর্থন জানাবেন, তাদের নিয়েই সরকার গঠনে আলোচনা করতে প্রস্তুত তিনি।

নির্বাচনের পরও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় ইসরায়েলের রাজনীতিতে অনিশ্চয়তা কাটছে না। নেতানিয়াহুর ঐক্য সরকারের প্রস্তাব এবং আইজেনকোটের অনড় অবস্থানের কারণে সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts