আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী এলাকা পরিদর্শন করে বাংলাদেশিদের অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সীমান্তে সুযোগ পেলেই বাংলাদেশ থেকে মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে।

রোববার (৮ নভেম্বর) দীপাবলি উপলক্ষে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে ইছামতি নদীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের স্পিডবোটে ঘুরে দেখেন তিনি। পরে ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্পিডবোটে নদী পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শুভেন্দু বলেন, বাইনোকুলার দিয়ে সীমান্তের ওপারে লোকজনকে অপেক্ষমাণ অবস্থায় দেখেছেন। সুযোগ পেলে তারা ভারতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই বিজেপি নেতা। তাঁর ভাষ্য, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আটক ও নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

শুভেন্দু আরও দাবি করেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে এখন সমন্বয় রয়েছে। আগের সরকারের সময় এ সমন্বয়ের ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইছামতি নদীর তীরে সীমান্ত বেড়া নির্মাণের বিষয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

দীপাবলির দিন বিএসএফ সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন করেন শুভেন্দু। পরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ চালুর ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts