নিউজ প্রবাসী ডেক্স:
দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি এবং শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করতে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায় থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।
সংসদ সদস্যের প্রশ্ন ছিল, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা কমানো এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে।
জবাবে আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে তিনজন করে শিক্ষক নিয়োগের উদ্যোগ রয়েছে। সব মিলিয়ে ১১ হাজার ৮৮০টি পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ চলছে।
তিনি আরও জানান, তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ জীবনচর্চা গড়ে তোলা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে বিভিন্ন মন্ত্রণালয় ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এই পরিকল্পনার আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণও পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।