নিউজ প্রবাসী ডেক্স:

আহসান আল মুমিনের দুর্দান্ত অপরাজিত ১৫২ রান এবং তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের মধ্য দিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসের পর প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে তামিমের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে ৯৮ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান আল মুমিন। ১৩৩ বলের মোকাবিলায় ১০টি চার ও ছয়টি ছক্কায় সাজানো ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দলের পক্ষে উল্লেখযোগ্য অবদান রাখেন রবিউল হাসান অনিকও। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে মালয়েশিয়া। ডানহাতি পেসার তাফিউল আলম তামিম একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। ৭ দশমিক ৫ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৭টি উইকেট তুলে নেন তিনি। তাঁর বোলিংয়ে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন কিছুটা প্রতিরোধ গড়ে ৮১ বলে ৫০ রান করেন। তবে অন্য ব্যাটারদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় দলকে বড় পরাজয় থেকে রক্ষা করতে পারেননি তিনি।

তাফিউলের পাশাপাশি বল হাতে কার্যকর ভূমিকা রাখেন রুবায় ইসলাম রিজন। তিনি দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস দ্রুত গুটিয়ে দিতে সহায়তা করেন।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts