নিউজ প্রবাসী ডেক্স:

সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দণ্ডিত ও পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার নামে নতুন করে পাসপোর্ট ইস্যু করার আইনি সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট ইস্যু করা যায় না।

তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ কারণে তাঁর পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, পাসপোর্ট আইনের ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই ধারার বিধান অনুসারে, দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের সুযোগ সীমিত। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে নতুন করে পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই বলে তাঁর বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts