নিউজ প্রবাসী ডেক্স:
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একটি ভবনের সামনে থেকে বোমাসদৃশ সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলেজের পাঁচ নম্বর ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে বস্তুটি দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। পরে তাঁরা বিষয়টি শিক্ষকদের জানান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
একপর্যায়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর নিজ হাতে বস্তুটি উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।