নিউজ প্রবাসী ডেক্স:

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে করা অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

কেরামত আলী তাঁর প্রশ্নে জানতে চান, বিগত সরকারের সময়ে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলার নিষ্পত্তি না হওয়ায় অনেক মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী এবং এ বিষয়ে সরকারের কোনো নির্দিষ্ট সময়ভিত্তিক পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ প্রথমে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রক্রিয়াটি আরও গতিশীল ও কার্যকর করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল কি না, জনস্বার্থে সেটির বিচার চালিয়ে যাওয়া প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিটিগুলো প্রত্যাহারের সুপারিশ করে।

আইনমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ যাচাই ও মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বয়ের জন্য তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আবেদন ও জেলা কমিটির সুপারিশ পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সেটি প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts