নিউজ প্রবাসী ডেক্স:
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশঙ্কার কথা জানান। এ সময় সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদলের এই নেতা।
নাছির উদ্দীন নাছিরের দাবি, ২০১৪-১৫ সালের আন্দোলনের পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের রাজপথের আন্দোলন দমনের উদ্দেশ্যে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সাদিক কায়েমের উপস্থিতির প্রমাণ রয়েছে। অতীতের এসব কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান পরিস্থিতির যোগসূত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বিভিন্ন বক্তব্যকে ব্যবহার করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা চললেও সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সব সময় থাকবে বলেও জানান তিনি।
তবে সাদিক কায়েমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।