নিউজ প্রবাসী ডেক্স:
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য আরও সময় দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ কাজ শেষ করার সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান অনুসারে মোটরসাইকেল মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত নিয়ম মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেটের মাপ নির্ধারণ
বিআরটিএর নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে। স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
যেসব নিয়ম মানতে হবে
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
প্লেটের ওপর বাড়তি কোনো নকশা, অলংকরণ বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন মার্ক একটি সরল আনুভূমিক রেখায় লিখতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে সামনের নম্বরপ্লেট সংযোজনের জন্য মোটরসাইকেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।