নিউজ প্রবাসী ডেস্ক:
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন ‘দুষ্টু কোকিল’খ্যাত এই অভিনেত্রী। এরই মধ্যে কলকাতার খ্যাতনামা পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানে মিমির উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বিয়ের পোশাক কেনার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন কি না, তা নিয়েও চলছে আলোচনা।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিমি। ওই ব্যক্তি পেশাগতভাবে নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। গুঞ্জন রয়েছে, নভেম্বর মাসেই তাদের আইনি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে মূল বিয়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কলকাতায় ফিরে আত্মীয়স্বজন ও চলচ্চিত্রজগতের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন এই জুটি।
তবে বিয়ে কিংবা সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি মিমি চক্রবর্তী। ফলে বিয়ের খবরের সত্যতা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এদিকে সম্ভাব্য বিয়ের সময় ও আয়োজন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ছে।