আন্তর্জাতিক ডেস্ক:

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে সৌদি আরবে এসথার ওয়াঞ্জা মুথোনি নামে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এ রায়কে কেন্দ্র করে দেশটির বিচারব্যবস্থা ও নারীর অধিকার নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ শাস্তির তীব্র নিন্দা জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মুথোনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্ব নিয়ে তিনি দেশটিতে যান। সেখানে এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান বলে জানিয়েছেন মুথোনি।

গত মাসে তাঁর বিরুদ্ধে ১০০ বেত্রাঘাতের সাজা ঘোষণা করা হয়। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, এই শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি আতঙ্কিত। তিনি মনে করেন, এমন শাস্তির যোগ্য তিনি নন।

সৌদি আরবের শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের ঘটনায় পুরুষদের তুলনায় নারীরা বেশি শাস্তির মুখোমুখি হন।

উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার ভাষ্য, সৌদি আরবে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার ঘটনা আরও ঘটলেও অধিকাংশই প্রকাশ্যে আসে না। সাধারণত বাড়িতে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি গোপন থাকে। তবে হাসপাতালে সন্তান জন্ম দিলে কর্তৃপক্ষকে অবিবাহিত নারীর বিষয়ে জানানো হয়। মুথোনির ঘটনাটিও এভাবেই প্রকাশ্যে আসে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্তের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এ শাস্তিকে নারীর প্রতি সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, শাস্তি দেওয়ার পরিবর্তে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল।

তিনি আরও বলেন, সৌদি আরবকে আধুনিক ও নারীর ক্ষমতায়নে অগ্রসর দেশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টার সঙ্গে এ ধরনের শাস্তি সামঞ্জস্যপূর্ণ নয়।

২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণার কথা জানিয়েছিল। তবে মানবাধিকার সংগঠন আলকিস্তের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ওই সংস্কার মূলত বিচারকের বিবেচনাধীন ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। ইসলামী আইনে নির্ধারিত কিছু অপরাধের শাস্তি হিসেবে বেত্রাঘাত বহাল থাকতে পারে। ব্যভিচার ও মদ্যপানের মতো অপরাধ এর অন্তর্ভুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে সৌদি আরবে নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করতে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেমের দেশটি সফরের কথা থাকলেও গত সপ্তাহে তা স্থগিত করা হয়েছে। তিনি জানান, সফরের সময় নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে আলোচনা করার পরিকল্পনা ছিল। দ্রুত সফরের ব্যবস্থা না হলে অন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়গুলো উত্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts