নিউজ প্রবাসী ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ শিক্ষক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের মাধ্যমে এসব পদত্যাগপত্র পাঠানো হয়।
পদত্যাগ করা পাঁচ শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে জানান, পাঁচজনের মধ্যে দুজন আগের দিন পদত্যাগপত্র জমা দেন। তাঁরা হলেন মুহাম্মদ মাহবুব কায়সার ও ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার আরও তিনজন তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সহকারী প্রক্টরদের পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, তিনি নিজে কোনো ধরনের চাপ অনুভব করেননি। অন্যদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট শিক্ষকরাই বলতে পারবেন।
তিনি আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি বিদ্বেষমূলক আচরণ করেননি এবং সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করেছেন।
পদত্যাগের ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার বিষয়ে সতর্ক করে ইসরাফিল রতন বলেন, সব ঘটনার পেছনে রাজনীতি খোঁজার প্রয়োজন নেই। ব্যক্তিগত অভিমান কিংবা পারস্পরিক দূরত্বসহ নানা কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না।