রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আসতে যাওয়া এ রায়কে আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার সকালে মামলার রায় ঘোষণা করবে। ২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হওয়ার প্রায় এক দশক পর এ সিদ্ধান্ত আসছে।

মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির অভিযোগ, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে দমন-পীড়ন ও সহিংসতা চালিয়েছে, তা ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা প্রমাণ করা। গণহত্যার অভিযোগের বিচার করতে গিয়ে আদালতকে এ উদ্দেশ্যের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

জাতিসংঘের সাবেক মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লি এ রায়কে রোহিঙ্গা ও তাঁদের পরিবারের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, প্রায় নয় বছর আগে সংঘটিত নৃশংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। এখন ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে, লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মালভি আদালতের রায় নিয়ে সতর্ক আশাবাদ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রোহিঙ্গা গ্রামগুলোতে পরিকল্পিতভাবে হামলা, অগ্নিসংযোগ, যৌন সহিংসতা এবং পালিয়ে যাওয়ার সময় বেসামরিক মানুষ হত্যার ঘটনাগুলো গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।

আন্তর্জাতিক বিচার আদালত এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করেনি। ফলে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার ক্ষেত্রেও এর আইনি গুরুত্ব থাকতে পারে।

দীর্ঘদিন ধরে বিচার ও জবাবদিহির অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য বৃহস্পতিবারের রায় বিশেষ তাৎপর্য বহন করছে। তবে আদালতের সিদ্ধান্তে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগের আইনি অবস্থান কী দাঁড়ায়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের প্রধান আলোচনার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts