মাদারীপুরের শিবচরে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা এ বিষয়ে জাতীয় সংসদে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর আস্তানাসংলগ্ন বাহাদুরপুর ময়দানে এ সম্মেলন শুরু হয়। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা এ আয়োজন করে। দুপুর ১টা পর্যন্ত চলা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মীয় ব্যক্তিত্ব ও মুসল্লিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমীসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও ধর্মীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে এ দাবি বাস্তবায়ন না হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ বিষয়ে সংসদে আইন পাসের দাবি জানান।

সম্মেলনে অন্যান্য বক্তারাও একই দাবির পক্ষে বক্তব্য দেন। তাঁরা বলেন, বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত।

অনুষ্ঠানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি ও বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদরাসার দায়িত্বশীল এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts