ভারতের উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজ্যের তেহরি গাড়ওয়াল জেলার গুলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিদ্বার থেকে চামোলির উদ্দেশে যাচ্ছিল। পথে গুলার সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নিচের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা ব্যাসি ও ঢালওয়ালা উদ্ধারকেন্দ্র থেকে ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারীরা ইতিমধ্যে প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযান ও চিকিৎসা কার্যক্রম তদারকিতে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন তেহরি জেলার জেলা ম্যাজিস্ট্রেট নীতিকা খান্ডেলওয়াল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে।

এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলাতেও পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে বাঁশওয়াড়া-মোহনখাল মোটর সড়কের ভাটওয়ারি-কান্দারা এলাকায় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পুলিশ জানায়, গাড়িটি পোখরি থেকে রানসির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় কুঁয়ার সিং (৬০), মদন সিং (৪০), সুরজ সিং (৪২) ও বলবীর সিং (৭০) নিহত হন। আহত হন আরও ছয়জন, যাদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে।

রাত ১০টার দিকে জরুরি সেবা নম্বর ১১২-তে দুর্ঘটনার খবর পৌঁছায়। পরে পুলিশ, এসডিআরএফ, জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনী (ডিডিআরএফ) ও অ্যাম্বুলেন্সকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাতভর অভিযানে খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts